বিনোদন ডেস্ক : বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী মীরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লাহোরের দায়রা আদালত। মীরার প্রকৃত নাম ইরতিজা রুহাব। কিন্তু মিডিয়ায় মীরা নামেই পরিচিত। এ অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন তার কথিত স্বামী আতিকুর রহমান।
আতিকুরের দাবি, মীরা তাকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিয়েও ২০১৩ সালে বিয়ে করেন ক্যাপ্টেন নাভিদ পারভেজকে। আবার নাভিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রেখে অন্য একজনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দেন। বিষয়টি জানিয়েছে ডেইলিটাইমস ডট কম ডট পিকে।
এর আগে লাহোর ক্যান্টনমেন্টের দায়রা বিচারক মীরাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বহুবার নির্দেশ দিলেও মীরা আসেননি। তাই গত শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতে মীরাকে পেশ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মীরা অবশ্য জানিয়েছেন তিনি কোনো নোটিশ পাননি। মীরা জানান, ‘আমি বা আমার আইনজীবী, কেউই নোটিশের ব্যাপারে কিছু জানি না।’
এ মামলার অভিযোগকারী আতিকুরকে চেনেন না বলে দাবি করেছেন মীরা। তিনি বলেন, ‘লোকটি প্রতারক। আমাকে গত ৫ বছর ধরে ব্ল্যাকমেল করে আসছে। হয়ত প্রচার পাওয়ার জন্য আবার আমার নামে নতুন অভিযোগ দায়ের করেছে।’
নজর, কাসক সহ বেশ কয়েকটি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন মীরা।