সিসি নিউজ: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলটির সহসাংগঠনিক সম্পাদক ও যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদের ওপর হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে দলের সংবাদ সম্মেলন শেষ করে চতুর্থ তলায় যুবদল অফিসে অবস্থান করছিলেন সালাম। এ সময় হঠাৎ করেই অজ্ঞাত কয়েকজন যুবক এসে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে নেতা-কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার মাথায় একাধিক সেলাই করা হয়েছে বলে জানা গেছে।
আবদুস সালামের ওপর কারা হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দলীয় একটি সূত্র বলছে, আবদুস সালাম কিছুদিন আগে সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী লোকজন দিয়ে এ কাজ করাতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তারা সবাই অপরিচিত। এর আগে দলীয় কার্যালয়ে তাদের দেখা যায়নি।