ফেনী: হলুদ সাংবাদিকতা ও অনিয়মিত পত্রিকা বন্ধের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
ফেনীতে কর্মরত সাংবাদিক ও সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
জেলা প্রশাসক আরও বলেন, ‘হলুদ সাংবাদিকতা ও অনিয়মিত পত্রিকা বন্ধের উদ্যোগ নেবে জেলা প্রশাসন। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সামান্য কয়টা টাকার বিনিময়ে সংবাদ হওয়ার অযোগ্য সংবাদ লিড নিউজ হবে আর প্রয়োজনীয় সংবাদ বাদ পড়বে এসব সংবাদপত্রের নীতিমালার মধ্যে পড়েনা। এছাড়া ফেনীতে ৬৩টি দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা রয়েছে। সেসব পত্রিকাগুলো বের হচ্ছে কি-না তা দেখভাল করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক, ফেনী প্রেস ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের, সময় টিভির ব্যুারো চিফ বখতেয়ার ইসলাম মুন্না, এনটিভির জেলা প্রতিনিধি ওছমান হারুন দুলাল, বাংলামেইল’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান, দিলদার হোসেন স্বপন, শওকত মাহমুদ, নাজমুল হক শামীম, সাঈদ খান, রবিউল হক রবি, এনএন জীবন, শাহজালাল রতন, আতিয়ার হাওলাদার সজল প্রমুখ।