বিনোদন ডেস্ক: সময়টা খুব ভাল যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সম্প্রতি মুক্তি পাওয়া ‘তানু ওয়েডস মানু রিটার্ন’ ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি।
চলতি সময়ে বলিউডে বক্স অফিস দখল বলতে গেলে কঙ্গনারই। আর সেই ধারাবাহিকতায় নিজেকে আবারও প্রমাণের লক্ষ্যে আসছেন ‘কাত্তি বাত্তি’ ছবি নিয়ে। এরই মধ্যে ছবিটির ট্রেইলার ছাড়া হয়েছে। সঙ্গে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কারণ, এ ছবিতে কঙ্গনাকে রগরগেরূপে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
এতদিন বলিউডে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করে নিজেকে বার বার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। তবে এবার একটু ভিন্ন মেজাজেই আসছেন কঙ্গনা। ‘কাত্তি বাত্তি’তে ইমরান খানের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে উপস্থিত হবেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ‘গ্যাংস্টার’ ছবিতে ইমরান হাশমীর সঙ্গে রোমান্সের মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেন কঙ্গনা। এরপর ‘কুইন’, ‘কৃষ থ্রি’ ছবিগুলো দিয়ে পর্দা কাঁপিয়েছেন এ অভিনেত্রী।
শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন কঙ্গনা। তবে নতুন এ ছবি নিয়ে যতটা আলোচনা যেমন চলছে সমালোচনাও কম হচ্ছে না। পর্দায় শরীর প্রদর্শন করে নিজেকে আলোচনায় আনার কোন মানে নেই বলে মনে করছেন সমালোচকরা। তবে কঙ্গনা এসব সমালোচনাকে মোটেই তোয়াক্কা করছেন না। অপেক্ষা করছেন ১৮ই সেপ্টেম্বরের জন্য। কারণ, ওইদিন মুক্তি পাবে ‘কাত্তি বাত্তি’ ছবিটি। সেদিনই হয়তো সব সমালোচনার উচিত জবাব দেবেন তিনি।