বিনোদন ডেস্ক: বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ”চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন” খ্যাত অভিনেত্রী শায়লা সাবির। সোহেল আরমান পরিচালিত নতুন ছবি ”ভ্রমর” এ চিত্রনায়ক শুভর সাথে জুটিবদ্ধ হবার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখছেন তিনি। সম্প্রতি ছবিটির মহরতে শায়লা সাবিকে ছবিটির মূল নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় শায়লা তার অনুভুতি ব্যক্ত করে বলেন,”চলচ্চিত্রের মত একটি বিশাল অঙ্গনে আমি কাজ শুরু করতে যাচ্ছি। আমি আশাবাদী আমার পরিশ্রম ও কাজের মধ্য দিয়ে এই অঙ্গনে আমি জায়গা করে নিতে পারবো।” জানা গেছে,প্রযোজনা প্রতিষ্ঠান ভিসতা ড্রিমস আনলিমিটেড প্রযোজিত এবং সোহেল আরমান পরিচালিত এই ছবিটির শুটিং আসছে আগস্ট মাস থেকে শুরু হবে।