সিসি ডেস্ক: উচ্চ তাপমাত্রা এবং অনাবৃষ্টির কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৮৭২০ বর্গকিলোমিটার এলাকা মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনের আরডিসি সম্মেলনকক্ষে বিশ্ব মরুময়তা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
‘বিশ্ব মরুময়তা প্রতিরোধ এবং ড্রাফট ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম (এনএপি)’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।
অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মরুময়তাও বাড়ছে। ইতোমধ্যে দেশের এক-চতুর্থাংশ এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, দেশে ১ কোটি ৫ লাখ হেক্টর, অর্থাৎ আড়াই কোটি একর জমি মরুভূমির কবলে পড়তে যাচ্ছে। আর এতে ৫০ লাখ হেক্টর জমি চাষের অনুপযোগী হয়েছে। দেশের ১৮০০০ মাইল নদ-নদী শুকিয়ে ৮০০০ মাইলে এসে ঠেকেছে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাসমী এবং সিনিয়র কনসালট্যান্ট ড. এমএ সাত্তার।
সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম ম-ল।
কারিগরি পর্বে নির্ধারিত বিষয়ে ৪টি পেপার উপস্থাপন করা হয়।
সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, এনজিও, সিভিল সোসাইটি, উন্নয়ন সহযোগী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা ওই কর্মশালায় উপস্থিত ছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালে প্রতি বছর ১৭ জুনকে বিশ্ব মরুময়তা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। মরুময়তা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোই দিবসটি পালনের উদ্দেশ্য।