ঢাকা: কৃষিনির্ভর এই দেশের আবাদযোগ্য ও উৎপাদনক্ষম জমির সুরক্ষা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সোহরাব উদ্দিনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এই লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হতে গৃহায়ণ নীতি যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মোশাররফ হোসেন আরো জানান, বিভাগীয় শহরে আবাসনের জন্য জমি বরাদ্দ নিরুসাহিত করে সেখানে বহুতল ভবন তৈরি করে একই জায়গায় অনেক লোকের আবাসন সংস্থান করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলায় আবাসিক প্রকল্প তৈরিতে প্লট প্রকল্প নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও তা করা হচ্ছে পরিকল্পিত উপায়ে, যাতে অল্প জায়গায় অনেক লোকের আবাসনের ব্যবস্থা হয় এবং সবরকম নাগরিক সুযোগ-সুবিধা থাকে।
দেশের কৃষি জমি রক্ষাকল্পে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, চট্রগ্রাম মহানগরীর জন্য প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যানে (ড্যাপ) কৃষি কাজের জন্য ভূমি ব্যবহার চিহ্নিত করে সংরক্ষণ করার পাশাপাশি আলাদাভাবে আবাসিক এলাকা সংরক্ষণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকার ইতিমধ্যে রাজউকের মাধ্যমে ঢাকা মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ডিটেইলড এরিয়া প্ল্যান (২০১০-২০১৫) প্রণয়ন করেছে। উক্ত পরিকল্পনায় কৃষি জমি হিসেবে ২৭ শতাংশ এলাকাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।