কুষ্টিয়া : কুষ্টিয়ার জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি নাজমুল ইসলাম সাগর (২৯) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও রামদা।
পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাধীন কাতলামারীতে গাছ কেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে উভয়পক্ষের বন্দুকযুদ্ধে নাজমুল ইসলাম সাগর গুলিবিদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন আহমেদ জানান, বন্দুকযুদ্ধে নিহত নাজমুল ইসলাম সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে চাঞ্চল্যকর জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি। ওই মামলায় সে জামিনে মুক্তি পেয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মিরপুর ও দৌলতপুর থানায় অন্তত ৪টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।