ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে নয় নারী জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- শহরের উকিল পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমিয়া খাতুন (৪০), পাগলা কানাই এলাকার নূর হক বিশ্বাসের মেয়ে ফাতেমা খাতুন (২৬), আব্দুল খালেকের স্ত্রী জুবাইদা বেগম (৪৫), ব্যাপারীপাড়ার মজনু মিয়ার স্ত্রী সেফালী খাতুন (২৭), আশরাফ আলী লাকুর স্ত্রী শারমিন খাতুন (৩৮), আব্দুর রাজ্জাক ভূঁইয়ার স্ত্রী কবিতা খাতুন (৩২), খোরশেদ আলীর স্ত্রী জলি খাতুন (২৭), আব্দুল আজিজের স্ত্রী রোকেয়া খাতুন (৩৮) ও যশোর বারান্দিপাড়ার আসাদ সিদ্দিকের স্ত্রী জহুরা বানু (৫২)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ জানান, আটককৃতরা শহরে নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছিলেন। পুলিশ বিষয়টি জানতে পেরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশকিছু জিহাদী বই ও লিফলেটসহ তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।