সিসি নিউজ: একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা আজই (রোববার) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তবে রোববার কখন ফল প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি শিক্ষাসচিব। রোববার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এর আগে গতকাল শনিবারও তিনি সাংবাদিকদের বলেছিলেন, রোববার একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে এক দিন পিছিয়ে শুক্রবার রাতে একই সময়ে ফল প্রকাশের কথা মন্ত্রণালয় থেকে জানানো হয়।
শুক্রবার রাতে আবারও ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) বলা হয়, শনিবার সকাল সাড়ে ৮টায় ফলাফল প্রকাশ করা হবে।
কিন্তু শনিবার সকাল সাড়ে ৮টার পর ওয়েবসাইটে বলা হয় ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।’
ফল প্রকাশের পর সারা দেশের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা (www.xiclassadmission.gov.bd) ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবে। এ ছাড়া বিভিন্ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। গত ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী।
এর আগে যেসব শিক্ষার্থী আবেদন করেনি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।