নীলফামারী প্রতিনিধি: কাঁঠাল গাছ থেকে পড়ে আলমগীর হোসেন (২৬) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ চত্বরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর নীলফামারী শহরের দক্ষিণ হাড়োয়ার সমশের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আলমগীর ডিমলা জনতা ডিগ্রি কলেজে নির্মাণ কাজ করার জন্য সেখানে অবস্থান করছিল। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসের একটি কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠাল নামানোর জন্য উঠলে গাছ থেকে পিছলে মাটিতে পড়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে প্রথমে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে। নীলফামারী হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ্জেম হোসেন।