ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ২৮ তম সম্মেলন আগামী ২৫-২৬ জুলাই। পদ প্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হবে রোববার থেকে।
১২ জুলাই সকাল ১১টা থেকে থেকে শুরু হয়ে আগামী ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত এ ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলবে। পদ প্রত্যাশীরা প্রতিটি ফরমের জন্য জনতা ব্যাংক রমনা করপোরেট শাখায় বাংলাদেশ ছাত্রলীগের সঞ্চয়ী হিসাব নং ৩৪০৭৯৪১৯- এ তিন হাজার টাকা জমা দিয়ে ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনারের কাছে সরাসরি টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
লিখিত বক্তব্যে বদিউজ্জামান সোহাগ বলেন, ‘এস এস সি পাশের মূল সনদের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিসহ ফরম এই সময়ের মধ্যেই জমা দিতে হবে। এছাড়াও বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়মিত ছাত্রত্বের প্রত্যয়ন পত্রসহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট ছবি ফরমের সঙ্গে জমা দিতে হবে।’
সোহাগ বলেন, ‘স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। এ উপলক্ষ্যে প্রতিটি জেলা থেকে গঠনতন্ত্র অনুসারে ২৫জন কাউন্সিলরের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছি। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে সব শাখার তালিকা আমাদের হাতে এসে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সম্মেলনকে সফল করতে নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যেই সম্মেলন প্রস্তুতি কমিটিসহ বিভিন্ন উপ-কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে পোস্টার, ব্যানার, নিমন্ত্রণপত্র, খাদ্য কুপণ, কাউন্সিলর ও ডেলিগেট কার্ডসহ চার বছরের সাংগঠনিক প্রতিবেদন ও যাবতীয় প্রকাশনার কাজ শেষ হয়েছে।’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহ সভাপতি সুমন কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ রাসেল, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।