জয়পুরহাট: নেপালে পাচারের উদ্দেশে জড়ো করা আরো ১১ তরুণকে উদ্ধার করেছে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
শনিবার (১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে শহরের পৃথিবী কমপ্লেক্স নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধঅর করা হয়। তবে এসময় মানবপাচারকারী চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি পুলিশ।
উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। এরা হলেন-নরসিংদী জেলার শিবপুর উপজেলার চালিতা কান্দি গ্রামের নুর ইসলামের ছেলে সৌরভ, আনামপুর গ্রামের হিরণ মোল্লার ছেলে আল আমীন, রাজুর ছেলে পলাশ, জামাল উদ্দীনের ছেলে নাজমুল, জয়নালের ছেলে মেরাজ, আরজু মিয়ার ছেলে খোকন মিয়া, আবদুল হাকিমের ছেলে নুরুল, আইন উদ্দীনের ছেলে কবির, আজাহার আলীর ছেলে জাকির হোসেন ও হাশিমের ছেলে কাজল।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ভালো কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে শিবপুরের বিভিন্ন এলাকা থেকে ওই ১১ যুবককে নেপালে যাওয়ার জন্য রাজি করায় পাচারকারীরা। পরে তাদের জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপালে পাচারের উদ্দেশে জয়পুরহাট শহরের ওই আবাসিক হোটেলে এনে জড়ো করা হয়। খবর পেয়ে শনিবার বেলা সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১১ যুবককে উদ্ধার করে।
এর আগে শুক্রবার গভীররাতে শহরের সৌরভ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে লাভলু নামে এক পাচারকারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় গাইবান্ধা ও নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা নয় যুবককে উদ্ধার করা হয়।