দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্তকরণের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বুধবার (১২ আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্তকরণ, সহকারী অধ্যাপকের ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল এবং আটক শিক্ষক নেতা সেলিম ভূঁঞার নিঃশর্ত মুক্তির দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম বলেন, অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলের অন্তর্ভূক্ত করা না হলে দূর্বার আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে। তিনি বলেন, দেশের প্রায় ৯৫ ভাগ শিক্ষক-কর্মচারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত। অথচ এই বিপূল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের বাদ দিয়ে জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছে যা জাতিকে অবাক করেছে। শিক্ষকরা যদি মেরুদন্ড হয়, তবে তাদের মেরুদন্ড ভেঙ্গে দিয়ে জাতি গঠন কোনক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁঞার নিঃশর্ত মুক্তির দাবী জানান। মানববন্ধন কর্মসূচী থেকে অযোগ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করা হয়।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সহ-সভাপতি ড. রেহেনা বানু, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. আব্দুর রহিম, কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা, শিক্ষক নেতা প্রভাষক মো. আব্দুল মালেক, প্রভাষক মো. মুখলেসুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. জিয়াউর রহমান জিয়া, মো. শহিদুল ইসলাম ও সভা সঞ্চালনা করেন শিক্ষক নেতা মো. মাহমুদুল হাসান।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অন্তর্ভূক্ত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ স্কুল শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।