• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৪ আগস্ট

ঢাবিঢাকা : এবার এইচএসসিতে ফল ‘খারাপের’ বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তির আবেদন প্রক্রিয়া ২৪ আগস্ট সোমবার থেকে শুরু হবে। এ প্রক্রিয়া শেষ হবে ১০ সেপ্টেম্বর।

এদিকে চতুর্থ বিষয়সহ জিপিএ হিসাব করে এবার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এইচএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ফল খারাপ করায় বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদন সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর ২০১৫ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর ২০১৫ শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর ২০১৫ শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হবে।

ছাত্র/ছাত্রীদের আবেদনের যোগ্যতা :

ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০ হতে হবে।

খ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল হতে হবে অন্তত ৭.০।

গ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল হতে হবে অন্তত ৭.৫।

ঘ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচচ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০ হতে হবে।

(খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০ হতে হবে ।

(গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা  সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল হতে হবে অন্তত ৭.৫।

এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নীচে হলে আবেদন করা যাবে না।

চ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচচ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোন একটি নূন্যতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫ থাকতে হবে।

ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। বিস্তারিত ওয়েব সাইটের মাধ্যমে ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভিসি আরেফিন সিদ্দিক। সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যেখানে গত বছর এই হার ছিল তার প্রায় নয় শতাংশ বেশি-৭৮ দশমিক ৩৩ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৭ হাজার ৭০৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ