সিসি ডেস্ক: সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের রাবেয়া মোড় সংলগ্ন হিন্দু পাড়ায় একটি বরযাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এই দূর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি দিনাজপুর সদরের বটতলা এলাকায়।
সূত্র মতে, নীলফামারীর সৈয়দপুর শহরের সিটি কমিউনিটি সেন্টারে বিকেলে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। কনের বাড়ি শহরের ইসলামবাগ এলাকায়। সন্ধ্যায় বর-কনে একটি প্রাইভেট কারে এবং বাকী বরযাত্রীরা মিনিবাস যোগে বরের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। মিনিবাসটি রাবেয়া মোড় পার হয়ে শ্বাষকান্দর মোড়ের সন্নিকটে হিন্দুপাড়ায় পৌছিলে পিছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বরযাত্রী বোঝাই বাসটি উল্টে সড়কের পাশে পড়ে গিয়ে ২৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিট ও চম্পাতলি হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে লাভলী (৩৮), অনিক (১৩), মরিয়ম (২১), ফিরোজা (৪৫), কনা (১৫), নিশা (১৫), গফুর (২৫), ছাবেরা (৪০), আমেনা (৫০), রুনা (৭০), আনোয়ার (১১), জাকির (১০) ও আক্তারকে (৫২) চিকিৎসা দেয়া হয়েছে। এদের সকলের বাড়ি দিনাজপুর সদর উপজেলার বটতলা নামক এলাকায়।