সিসি নিউজ: সিরাজগঞ্জে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদ্বগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার সাতটিকরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এবিএম ইমদাদুল হক জানান, রাজশাহীর দিকে যাবার পথে ঘটনাস্থল অতিক্রম করার সময় মহাসড়কের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে ওই প্রাইভেটকারটির। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডিার বিস্ফোরণে অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকের মৃত্যু হয়। এ সময় ওই প্রাইভেটকারে থাকা এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় নিহত দুজনকে দেখে স্বামী-স্ত্রী বলে মনে হলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের কাছে পাওয়া একটি ঠিকানার সূত্র ধরে স্বজনদের খোজা হচ্ছে। নিহতদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।