সিসি ডেস্ক: তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদার জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর পৌনে দুইটায় ফরিদপুর জেলা কারাগার থেকে আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পান তিনি।
কারাগার থেকে মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রবীর সিকদার বলেন, ‘এত দ্রুত মুক্ত পাবো তা ভাবিনি। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ব্যাপারে ভূমিকা রাখায় আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ফরিদপুরসহ দেশের সর্বস্তরের সাংবাদিক ও সুশীল সমাজের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবীর সিকদার।
তিনি বলেন,’বিশেষ করে আমার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের দ্বিধাবিভক্ত দুটি সংগঠন একত্রে দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।’
তিনি জানান, ফরিদপুর থানায় জমা থাকা মোবাইল সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেই ঢাকার পথে রওয়ানা হবেন তিনি।
এর আগে আজ বুধবার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক হামিদুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ পর্যন্ত প্রবীর সিকদারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
রিমান্ড শেষ হওয়ার আগেই আদালতে তার জামিনের আবেদন করা হয়।
এর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।