দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরল উপজেলায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় কৃষক এনামুল হকের প্রাণ এখন যায় যায়। মুর্মূর্ষূ অবস্থায় এনামুল সদর হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের শামসুল হকের ছেলে এনামুল হক (২৫) ডান পায়ের থাইয়ের উপরে একটি বাগী ঘা উঠে। গত ১০ আগষ্ট কুচিলাপুকুর গ্রামের হাতুড়ে ডাক্তার তরিকুলের ছেলে লিয়াকত আলীর কাছে চিকিৎসার জন্য আসেন। এ সময় হাতুড়ে ডাক্তার লিয়াকত আলী মেয়াদোত্তীর্ণ ইনজেকশন এনামুলের শরীরের পুশ করার কিছুক্ষণ পরই রোগীর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর ওই হাতুড়ে ডাক্তারের কাছে আবার এসে ঘটনা জানালে তৎক্ষণাৎ আরো একটি ইনজেকশন দেয়। এতে রোগির অবস্থার আরো অবনতি হলে বেগতিক দেখে পরদিন দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বমি বন্ধ হয়েছে।
হাসপাতালের চিকিৎসক রোগীর আশংকাজনক অবস্থা দেখে জানান, ভুল চিকিৎসায় বাগী ঘা’র স্থানে পচন ধরেছে। তিনি জানান, পা কাটতে হবে নতুবা অন্যস্থান থেকে মাংস কেটে প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে কৃষক এনামুল দিনাজপুর সদর হাসপাতালে মুর্মূর্ষু অবস্থায় মৃত্যুর প্রহর গুণছে।
গ্রামে-গঞ্জে এখনও এসব হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসায় অনেকেই পা কেটে ফেলতে হচ্ছে কারো বা হাত কেটে ফেলতে হচ্ছে কেউবা মারা যাচ্ছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এ ব্যাপারে উর্দ্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।