দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে “আসুন, শিশুদের পরিপূর্ণ বিকাশে সুযোগ সৃষ্টি করি” বিষয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি প্রজেক্ট এ সমাবেশের আয়োজন করে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিশু অধিকার বিষয়ক শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি প্রজেক্ট অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন শাহ্, উপশহর চাইল্ড স্পেস্’র সভাপতি ডা. সৈয়দ নজিবর রহমান, বালুয়াডাঙ্গা শিশুবান্ধব কমিটির সভাপতি মো. তোজাম্মেল হক, ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ক ফোর্স দিনাজপুরের মকিদ হায়দার শিপন ও শিশু প্রতিনিধি গোলাপী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের ভাললার্যাবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট অফিসার রতন দাস ও শিউলি বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটেটর রেশমা খাতুন ও টুলটুলি বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম বলেন, শিশু সুরক্ষার দায়িত্ব সবার আগে পিতা-মাতাকেই নিতে হবে। শিশুর পিতা-মাতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের শিশুটি কোথায় যাচ্ছে কি করছে, কার সাথে মিশছে সে ব্যাপারে প্রতিটি অভিভাবককে অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের শিশুটি যদি কোন কারণে বিপদগামী হয়ে পড়ে, তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কিছু হতে পারেনা। তাই সবাই মিলে শিশুদের পরিপূর্ণ বিকাশে যতœবান হতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সব শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞা সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।