ঢাকা : আগামী তিন মাসের মধ্যে সব মোবাইল গ্রাহকের সিমকার্ড নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
তিনি বলেন, সব সিমকার্ডের নতুন করে নিবন্ধন করতে হবে। এজন্য মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে।
সব সিমকার্ডের নিবন্ধন করতে হবে না -বিটিআরসি চেয়ারম্যানের এমন ঘোষণার একদিনের মাথায় মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চিঠিতে আগামী তিন মাসের মধ্যে সব গ্রাহকের পাশাপাশি ডিলার এবং সিমকার্ড বিক্রেতার নিবন্ধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে নতুন করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে বিটিআরসিকে।
তারানা হালিম বলেন, অনেক গ্রাহক আগে নিবন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হলো সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি। তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে।