জেলার মিঠাপুকুরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধকারীদের উপর রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এসময় তাদের উপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০জনকে আটক করে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বাসদের জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সমাজতান্দ্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সাদেক হোসেন ও মিঠাপুকুর উপজেলা বাসদের সম্বয়ক সম্রাট আতিয়ার রহমানসহ ১০ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রংপুরের মিঠাপুকুরে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এ ঘটনায় পুলিশ প্রথমে তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে লাঠিচার্জ করে। পরিস্থিতি অবনতির আশংকা দেখা দিলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ জন আহত হয়।
আন্দোলনকারীদের নেতা যোগেশ ত্রিপুরা অভিযোগ করেন, পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের নারী নেত্রী মৌসুমী আক্তার মৌ ও গোলাপী বেগমসহ ১৫ জন আহত হয়েছেন।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, সড়ক অবরোধ করায় আমরা তাদের অনুরোধ করি অবরোধ প্রত্যাহার করে নিতে। কিন্তু সে অনুরোধ তারা না শুনে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এসময় আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই।
অবরোধকারীদের উপর ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীদের হামলার বিষয়টি তিনি জানেন না বলে জানান।