সিসি ডেস্ক : ঈদের আনন্দ আপনজনকে নিয়ে উপভোগ করতে নাড়ির টানে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদের এখনো ৬দিন বাকি। কিন্তু ঝামেলা এড়াতে আগেভাগেই চলে যাচ্ছেন অনেকে। বিশেষ করে ছাত্র, গৃহবধূ আর শ্রমজীবী মানুষের মধ্যে ঘরে ফেরার তাড়া বেশি।
শনিবার সকালে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, টেকনিক্যাল ও এর আশপাশের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে ভিড় জমিয়েছেন যাত্রীরা। যাদের আগেই টিকিট কাটা ছিলো তারা স্বাচ্ছন্দে বাড়িতে যাচ্ছেন।
অফিস-আদালত ছুটি না হলেও রাজধানীতে লেখাপড়া করতে আসা ছাত্র-ছাত্রীরা ঈদ করতে আগেই গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন। শেষ দিকে রাস্তায় যানজটের আশঙ্কা, অতিরিক্ত যাত্রীর ভিড়ের কথা ভেবে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ।
এখনো যাত্রীদের চাপ খুব একটা শুরু হয়নি। তবে আগামী ২২ ও ২৩ তারিখে অতিরিক্ত চাপ হবে, যা সামলানো আমাদের জন্য কষ্টকর হবে।