সিসি ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুরে মনু মিয়া নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়েছে তারই বড় ভাই, বোন ও ভগ্নিপতিরা। মনু মিয়া (২৮) এখন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। শনিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের বোয়ালীদহ গ্রামে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মনুর বড় ভাই রাজু মিয়া সাংবাদিকদের জানান, বড় বোন নাজমা বেগমের কাছে জমি বিক্রির পাওনা টাকা চাওয়ায় মনু মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাজমা বেগম, তার স্বামী শফিউজ্জামান ও অন্য ভাইয়েরা রশি দিয়ে মনুর হাত-পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে তার বুকে পা দিয়ে আঘাত করায় সে মারাত্মকভাবে আহত হয়। মারধরে তার চারটি দাঁত পড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় রাজু মিয়া মনুকে শনিবার রাতে প্রথমে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে অজ্ঞাত ব্যক্তির গোপনে ধারণ করা ভিডিওচিত্রটি সাংবাদিকদের কাছে পৌঁছলে তারা বিকেলে হাসপাতালে ভিড় করেন। বারান্দার অতিরিক্ত শয্যায় মনু তখন কাতরাচ্ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক একেএম শাহিনুর রহমান বলেন, মনুর শরীরে বেশ কিছু আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। সেরে উঠতে অনেক সময় লাগবে।