হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালপুরে সিলেটগামী হানিফ পরিবহণের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় সংঘটিত এ দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করেছেন। এদিকে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আহত এক নারীর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় যোগাযোগ করা হলে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুন্নবী জানান, নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এক নারী সিলেট ওসমানী হাসপাতালে মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় বের করার চেষ্টা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান ওসি।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।