সিসি নিউজ: রংপুরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। একই সঙ্গে তিনি হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় বার্নিকাট বলেন, ‘রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি হোশির পরিবার, বন্ধু ও জাপানের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমি এই অপরাধের প্রতিটি বিষয় তদন্ত করে যত দ্রুত সম্ভব হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
শনিবার সকাল ১০টার দিকে রংপুর সদরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ওই জাপানি নাগরিক নিহত হন। তথ্যমতে, তাঁর নাম হোসি কমিও। তিনি রংপুরের একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেন।