সিসি ডেস্ক: সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পর এবার মন্ত্রীদের বেতন বাড়ানো হচ্ছে। একই সাথে বাড়ছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং সংসদ সদস্যদের বেতন। এ ক্ষেত্রে বেতন বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে প্রায় দ্বিগুণ। এ সংক্রান্ত একটি প্রস্তাব খুব শিগগিরই প্রাথমিক অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো হবে। অর্থমন্ত্রীর সম্মতির পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত মাসেই সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বৃদ্ধিসংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। ফলে সরকারি চাকরিজীবীরা চলতি বছরের জুলাই থেকে নতুন বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন গ্রহণ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রীদের বেতন বাড়ানোসংক্রান্ত একটি খসড়া তৈরি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর বেতন প্রস্তাব করা হয়েছে এক লাখ ১০ হাজার টাকা। স্পিকারের বেতন এক লাখ ৩ হাজার টাকা। মন্ত্রীদের বেতন ৯৮ হাজার, প্রতিমন্ত্রীদের ৯০ হাজার এবং উপমন্ত্রীদের বেতন উল্লেখ করা হয়েছে ৮৬ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রধান বিচারপতির বেতন খসড়ায় উল্লেখ করা হয়েছে এক লাখ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের সর্বশেষ বেতন বাড়ানো হয় ২০১০ সালে। সে সময় প্রেসিডেন্টের বেতন ৩৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬১ হাজার ২০০ টাকা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা করা হয়।
একই সময় মন্ত্রীদের বেতন ২৯ হাজার টাকা থেকে ৫৩ হাজার ১০০ টাকা, প্রতিমন্ত্রীদের বেতন ২৬ হাজার ১০০ টাকা থেকে ৪৭ হাজার ৮০০ টাকা এবং প্রতিমন্ত্রীদের বেতন ২৪ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ৪৫ হাজার ১৫০ টাকা করা হয়।
স্পিকারের বেতন নির্ধারণ করা হয় ৩১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৭ হাজার টাকা। এবং ডেপুটি স্পিকারের বেতন করা হয় ২৯ হাজার টাকা থেকে ৫৩ হাজার ১০০ টাকা।
২০১০ সালে বিচারপতিদের বেতনও বাড়ানো হয়। ফলে প্রধান বিচারপতির বেতন ৩০ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয় ৫৬ হাজার টাকা। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বিচারপতির বেতন ২৯ হাজার টাকা থেকে ৫৩ হাজার ১০০ টাকা এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার টাকা করা হয়।
জানা গেছে, সংসদ সদস্যদের বেতন কত হবে তা এখন পর্যন্ত প্রস্তাব আকারে নির্ধারণ করা হয়নি। একই সাথে বিচারপতিদের বেতনের অঙ্ক নিয়েও কাজ করা হচ্ছে। চলতি মাসের মধ্যে খসড়াটি চূড়ান্ত করে অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে। মন্ত্রিসভায় এটি অনুমোদন করা হলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী এবং সংসদ সদস্যরা চলতি বছরের জুলাই থেকে বর্ধিত বেতন পেতে পারেন।