সিসি নিউজ: বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস ) জঙ্গিরা জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত থাকতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইএস জঙ্গিদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন,‘পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে এটি দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে।অথবা যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দেওয়ার জন্যও এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে।’ বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,‘আগে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে হয়তো এখন তারাই অন্যপথ অবলম্বন করছে। তবে সবই আমাদের প্রাথমিক ধারণা।পরে তদন্ত করে এ বিষয়ে বলা হবে।’
এদিকে,দেশে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় খুনিরা মোটরসাইকেল ব্যবহার করায় সতর্ক অবস্থানে যাচ্ছে সরকার। এবিষয়ে কঠোর মনোভাব ব্যক্ত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে মোটরসাইকেলে দুইজন যাত্রী থাকলে তাদের তল্লাশি করা হবে। তবে তিনজন যাত্রী থাকলে সঙ্গে সঙ্গে ওই মোটরসাইকেল জব্দ করা হবে। তাই মোটরসাইকেলে যেন একজন আরোহীই চড়েন সেজন্য জনগণকে সতর্ক করে দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন,‘বিদেশি নাগরিকদের নিরাপত্তায় ইতোমধ্যে সব জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশিরা যেসব এলাকায় থাকেন সেখানে নজরদারি বাড়ানোরও জন্য বলা হয়েছে।’