রংপুর: অবশেষে আগামী ৭ অক্টোবর খুলে দেয়া হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে সেদিন হলটি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট আপেল মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একে এম নূর-উন-নবী কর্তৃক উদ্বোধনের মধ্যে দিয়ে হলটি খুলে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ বলেন, আগামী ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একে এম নূর-উন-নবী কর্তৃক উদ্বোধনের মধ্যে দিয়ে হলটি খুলে দেয়া হবে। তবে সেদিন কখন নাগাদ এই উদ্বোধন অনুষ্ঠান হবে এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছিনা। উপাচার্য মহোদয়ের দেয়া সময় অনুযায়ী সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় আগামী ৭ তারিখেই হল চালুর ব্যাপারে নিশ্চিত করে বলেন, আগামী ৭ তারিখে বঙ্গবন্ধু হল চালু করা হচ্ছে। কয়টার সময় খুলে দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপাচার্য স্যার আজ ক্যাম্পাসে ফিরে আসতেছেন। ওনার সাথে কথা বলে আগামীকাল হল খুলে দেয়ার সময় নোটিশের মাধ্যমে জানানো হবে।
ছাত্রদের সাথে আলোচনা করে ডাইনিং সিস্টেম: সহকারী প্রভোস্ট আপেল মাহমুদ এক সাক্ষাৎকারে জানান, হলটি খুলে দেয়ার পর খাদ্য সরবরাহের প্রক্রিয়ার বিষয়ে হলে অবস্থানরত ছাত্রদের সাথে বসে আলোচনা করে কোন প্রক্রিয়ায় তারা ডাইনিং চালু রাখতে চায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ডাইনিং সিস্টেম তাদের মতের উপর নির্ভর করবে।