গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৫ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে তার বাড়ি থেকে মান্নানকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি নেতা আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান মজিবুর রহমান।