সিসি ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইনডেক্স নাম্বার ও পাঠদানের অনুমতি নেয়া ৫৬টি কলেজ ও মাদ্রাসার অনুমতি বাতিল হচ্ছে। মূলত চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে একজন শিক্ষার্থীও ভর্তি না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের অনুমতি বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি এমন ৫৬টি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে তারা। এসব কলেজের মধ্যে ১৯টি স্বতন্ত্র এবং এগুলোর কোনোটিই এমপিওভুক্ত (মান্থলি পে অর্ডার) নয়। তবে সবগুলো কলেজেরই ইআইআইএন (এডুকেশনাল ইন্সটিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার) ও পাঠদানের অনুমতি রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত। এগুলোর মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হলেও কলেজস্তর এমপিওভুক্ত নয়। ৭টি আলিম মাদ্রাসার দাখিলস্তর এমপিওভুক্ত হলেও আলিমস্তর এ সুবিধার বাইরে। এছাড়া ১০টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইআইএন থাকলেও বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নেই বলেও অনুসন্ধানে জানা যায়।
সূত্র জানায়, এসএসসি পাসের পর ভালো এবং নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে প্রতিবছরই শিক্ষার্থীদের যেন এক কঠিন যুদ্ধে অবতীর্ণ হতে হয়। বিশেষ করে শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে শিক্ষার্থী ও অভিভাকদের মাথার ঘাম পায়ে পড়ার অবস্থা। তাই চলতি বছর কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু করে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ও পড়াশুনার মান নিশ্চিত করতে মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করে। এরমধ্যে নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী ভর্তি করাতে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর যেসব কলেজগুলোতে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।
অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে তা জানতে চাইলে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান জানান, অনুমতি বাতিল করাই শ্রেয়। এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।
সূত্র জানায়, এ বছর একাদশ শ্রেণিতে অনলাইন বা অফলাইনে একজন শিক্ষার্থীও ভর্তি না হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো : ভোলার দৌলতখান উপজেলার আজহার আলী মহাবিদ্যালয়, বোরহানউদ্দিন উপজেলার খানখায়েই বসিরিয়া দারুসসুন্নত আলিম মাদ্রাসা, বরিশাল সদরের বরিশাল মেট্রোপলিটন কলেজ, উজিরপুর উপজেলার মুন্সীর তালুক বালিকা মাদ্রাসা, বেতাগী উপজেলার চান্দখালী ইশক সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, পাথরঘাটা উপজেলার কাকচিরা স্কুল অ্যান্ড কলেজ, বেতাগী উপজেলার বেতাগী স্কুল অ্যান্ড কলেজ, বরগুনা সদরের হিলফুল ফুজল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ, ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ, কুমিল্লার চান্দিনা উপজেলার কলাগাঁও মাধাইয়া কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার নালঘর আলী আকবর কলেজ, কক্সবাজারের মহেশখালী উপজেলার লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ, ফেনী সদরের পাঁচগাছিয়া স্কুল অ্যান্ড কলেজ ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদরের পূবাইল কমার্স কলেজ, অক্সফোর্ড কলেজ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কলেজ, কালীগঞ্জ উপজেলার নরুন টেকনিক্যাল বিএম কলেজ, ইউনাইটেড গ্লোবাল কলেজ, মানিকগঞ্জের শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমি ও মানিকগঞ্জ সদরের আইডিয়াল ডিগ্রি কলেজ, ফরিদপুর সদরের কানাইপুর কলেজ, কবিরবাগ পৌর মহিলা কলেজ, একোটের চর এসসি স্কুল অ্যান্ড কলেজ, লোহারটেক ভোকেশনাল স্কুল ও বিএম কলেজ, লতিফুন্নেসা রেসিডেন্সিয়াল কলেজ, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর পাবলিক কলেজ, ময়মনসিংহ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও রিফ্লেক্স মডেল কলেজ, শরিয়তপুর নড়িয়া উপজেলার এহসানুল হক সেতু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ, শেরপুর জেলার দুখুমিয়া আলিম মাদ্রাসা ও ভাবেরা এসপি স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয় ও চিরিরবন্দরের আমতলী মহাবিদ্যালয়, মাহমুদপুর রসুলপুর হামিদিয়া আলিম মাদ্রাসা, বেতুড়া স্কুল অ্যান্ড কলেজ, খলিলপুর হাজী ছানাউলাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কাটলা স্কুল অ্যান্ড কলেজ, বেপারি টোলা আদর্শ কলেজ, কামোর স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আলহাজ তমিজ উদ্দিন কলেজ, গাইবান্ধা সদরের বদিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শানাইপুর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ, কালাই উপজেলার মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ, চাঁপাইনবাবগঞ্জের দোগাছিয়া বরেন্দ্র স্কুল অ্যান্ড কলেজ, চাদপুর বিএল স্কুল অ্যান্ড কলেজ, একিউ নারী কল্যাণ শিক্ষালয় ও কলেজ, বঙ্গবীর ওসমানী আনাক টিবিএম কলেজ, সাতক্ষীরা জেলার মহিশা ডাঙ্গা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, কাশিমবাড়ি আইডিয়াল ওমেন দাখিল মাদ্রাসা, শ্যামনগর সেন্ট্রাল দারুল উলুম আলিম মাদ্র্রসা, দেবহাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও নড়াইল সদরের মুলিয়া পাবলিক কলেজ।