সিসি ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরের দিকে তিনি ফেসবুকে জানান, Araf Al islam Isb নামে একটি আইডি থেকে ‘বিদেশীদের মতো করে হত্যা’র হুমকি পেয়েছেন। ওই আইডি পর্যালোচনা করে ইমরান তার পোস্টে লিখেন, ‘সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।’

এই হুমকিতে তিনি মোটেই ভীত নন বলে উল্লেখ করে আইনশৃঙ্খলাবাহিনীর জ্ঞাতার্থে পোস্ট দিয়েছেন বলে উল্লেখ করেন।
এছাড়া তিনি পোস্টের সঙ্গে হুমকি সংবলিত মেসেজের স্ক্রীণশটও যুক্ত করে দেন।

এর ঘন্টা খানেক পর আবারও এক পোস্টে এই হুমকির বিষয়ে শাহবাগ থানায় জিডি করার কথা জানান ইমরান।
হুমকির বিষয়ে তিনি বলেন, এই হুমকিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।
তবে আইনের আওতায় আনাটা জরুরি বলে মনে করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, ‘কাপুরোষোচিত হামলা করে এই সন্ত্রাসীরা এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েই যাচ্ছে।’
নিচে ইমরান এইচ সরকারের পোস্টটি হুবুহ তুলে ধরা হলো:
‘বিদেশীদের মতো করে হত্যা করা হবে’ – উগ্র ধর্মান্ধের হত্যার হুমকির বিষয়টি আপনারা ইতোমধ্যে জেনেছেন। এই কাপুরুষদের এধরণের হুমকিকে হয়তো এতো গুরুত্ব দেয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহুর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একেরপর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।
আমি ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবগত করেছি। তারা একটি সাধারণ ডায়রির পরামর্শ দিয়েছেন এবং হুমকিদাতাকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে আমি আজ বিকাল ৪টা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করার স্বীদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষকেও এই দেশবিরোধী উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকল বিভেদ ভুলে আমাদের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’