জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা।
শনিবার বেলা ১২টায় জহির রায়হান মিলনায়তনের শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন।
সূত্র জানায়, গত ১৩ জুলাই রোজার ঈদের ছুটি চলাকালীন অন্যান্য ছয়জনের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে প্রশসানিক কর্মকর্তা পদে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
দীপুর বিরুদ্ধে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে শিক্ষকরা তাকে নিয়োগ না দেওয়ার জন্য কয়েক দফা আন্দোলনও করেন এবং আন্দোলনকারী শিক্ষকদের বিরোধিতার কারণে গ্রন্থাগার পরিচালক অধ্যাপক অজিৎ কুমার মজুমদার দীপুকে কাজে যোগ দেবার অুনমতিও দেননি। ফলে শিক্ষকদের প্রবল আপত্তি সত্ত্বেও দীপুকে প্রশাসনিক ভবনে স্থানান্তর করা হয়।
সর্বশেষ বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির মূল অংশের বাইরে ‘তৃতীয় একটি পক্ষ বিশেষ আঁতাতের মাধ্যমে’ বেশি আসনে জয়লাভ করায় শিক্ষকরা ক্ষুব্ধ হন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এরই প্রতিক্রিয়া হিসেবে শিক্ষক সমিতি প্রশাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। তারই একটি বহিঃপ্রকাশই ওই আল্টিমেটাম।
অন্যদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১৮ অক্টোবর আবারো সাধারণ সভা আহ্বান করেছে শিক্ষক সমিতি।