বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি মো. মোতালেব হোসেন (৪৮) এবং তার স্ত্রী মোছা. হোসনে আরাকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। মো. মোতালেব হোসেন উপজেলার মরিচা ইউনিয়নের বাদলা পাড়া গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে।
রোববার দুপুর ২টায় উপজেলার সাতোর ইউনিয়নের সিংড়া শালবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মশিউর রহমান জানান, ২০১৪ সালের মে মাসে মুরগী নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই মো. নজরুল ইসলামকে (৩৫) পিটিয়ে হত্যা করে মোতালেব পরিবার। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছা. শরিফা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামি মোতালেবের ছেলে মো. হাসান আলী (২৩) জেল হাজতে রয়েছে। মামলার অপর আসামি মোতালেব, তার স্ত্রী হোসনে আরা এবং অপর ছেলে হুসেন আলী (২৫) দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ পুলিশ অভিযান চালিয়ে সিংড়া শালবন এলাকা থেকে মোতালেব ও হোসনে আরাকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার অপর পলাতক আসামি হুসেন আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’