দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা আশরাফ আলী (৪৫) নিহত ও ছেলে শিশির (১৭) গুরুতর আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের কাউগাঁ মোড়ের বকুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী সদরের ৭ নং উপশহর এলাকার সফিউদ্দীনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ফিরোজ জানান, আশরাফ আলী ও তার ছেলে শিশিরকে ফুলবাড়ী সরকারি কলেজে ভর্তি করিয়ে বাড়ি ফেরার পথে সদরের কাউগাঁ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তার উপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আশরাফ আলী মারা যান। শিশিরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফ আলীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালিী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান ।