সিসি ডেস্ক: টাঙ্গাইলের সিরাজগঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিরা চরমপন্থী নয়, দুষ্কৃতিকারী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন র্যাবের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সেদিন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লড়াই করে গুরুতর আহত হয়েছেন র্যাবের এক সদস্য।’ এসময় তিনি আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিদেশি দুই নাগরিক হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার ভোরে টাঙ্গাইলের সিরাজগঞ্জ এলাকায় চরমপন্থীদের’ সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন র্যাব সদস্য এসআই মনিরুল ইসলাম। এসময় দুই চরমপন্থী নিহত হয়।