সিসি নিউজ: রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানের সামনে কমপক্ষে তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সানজু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- আবদুর রহিম (৩০), নাঈম হোসেন (৩৫), লাবনী আকতার (১৪), আয়শা আকতার (১২), সালাউদ্দিন (৪৫), তুহিন (১২), সুদীপ (২১), মাহবুবুর রহমান (২৬), রাকিব হোসেন (২৬), আয়াত উদ্দিন (২৬)। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কে বা কারা এ বোমা বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে থাকা লোকজনের মধ্যে শতাধিক জন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। তবে গুরুতর আহত প্রায় ৬০ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি জানান, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে শুক্রবার রাত পৌনে ২টার দিকে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, ‘মিছিল শুরুর আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ও র্যাব সদস্যরা হোসেনি দালানের চারপাশ পরিদর্শন করেন। এর সেখান থেকে একটি তাজিয়া মিছিল মূল ফটকের ভেতর থেকে দালানের বাহিরে বের হচ্ছিল। এ সময় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে।’
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
চকবাজার থানার ওসি আবদুল আজিজ বলেন, ‘তাজিয়া মিছিলের জন্য শিয়া মতাবলম্বীরা হোসেনি দালানে সমবেত হলে বিস্ফোরণগুলো ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
একজন আটক
বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। তার নাম আবদুল কাদের জিলানী। শনিবার ভোর ৪টার দিকে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ২টার আগ থেকে জিলানীর সন্দেহভাজন ঘোরাফেরার কারণে সিসিটিভি ক্যামেরা দেখে তাকে আটক করা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলে নাশকতা সৃষ্টির জন্যই হামলা চালানো হয়েছে। তবে এটি জঙ্গি হামলা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
শনিবার সকাল ভোর ৫টার দিকে হোসেনি দালানের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল সেক্টর তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। পুরো এলাকায় আগে থেকে সিসিটিভি বসানো ছিল। আশা করি হামলাকারীরা শনাক্ত হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের ধরতে সব ধরনের কাজ করা হচ্ছে।
ডিএমপি কমিশনার আরো বলেন, নির্দিষ্ট সময়েই তাজিয়া মিছিল বের হবে। এ কাজে সহায়তা করবেন, র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা। আশা করি কোথাও কোনো সমস্যা হবে না। বাংলাদেশ অসাম্প্রাদায়িক দেশ। এখানে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে। বোমা হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, আশুরা উপলক্ষে কারবালার যুদ্ধে শাহাদাত লাভ করা হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর স্মরণে তার স্মৃতির প্রতি শোক ও সমবেদনা জানাতে ওই এলাকা দিয়ে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়েরা।