রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সদরুল আলমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ওই ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন ইটভাটা এলাকায় এ হত্যাকাণ্ডটি ঘটে।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সদরুল কালিগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে ওই ইটভাটা এলাকায় পৌঁছোলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, কারা কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।