ঢাকা: হোসনি দালানে হামলায় ব্যবহৃত গ্রেনেডের মতো একই ধরনের গ্রেনেড চলতি বছরেই চট্টগ্রামে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
সংস্থাটি আরো জানায়, চলতি বছরের এপ্রিলে রাজধানীর উপকণ্ঠে আশুলিয়াতেও একটি ব্যাংক ডাকাতির সময় একই ধরনের গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।
এ ব্যাপারে র্যাব সূত্রগুলো জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে কয়েক দফা অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে হামজা ব্রিগেডের ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি একে-২২ রাইফেলসহ প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে এ ধরনের গ্রেনেডও ছিল।
এদিকে এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গাবতলীতে একটি তল্লাশি চৌকিতে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা হত্যার সঙ্গে জড়িত একজনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে সাতটি গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, কামরাঙ্গীরচরের উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর মতো একই গ্রেনেড হোসনি দালানে হামলায় ব্যবহৃত হয়। এ থেকে ধারণা করা হয় এএসআই হত্যার সঙ্গে যারা জড়িত তারাই ওই হামলা চালিয়েছে।