মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি আশুরার মেলায় বেল্লাল হোসেন (৫৫) নামে এক দর্শনার্থী নিহত হয়েছেন। দুই ছেলে দুই মেয়ের জনক বেল্লাল নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন।
রোববার দুপুরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী দিঘী গ্রামের হাসান আলীর ছেলে।
এ ঘটনায় ওই বেলুন বিক্রেতাও গুরুতর আহত হয়ে চেতনাহীন অবস্থায় স্থানীয় নার্সিং হোমে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী জানায়, আশুরার মেলায় নানা ধরনের পসরা সাজিয়েছেন দোকানিরা। সেখানে এক দোকানি বেলুনসহ এ জাতীয় নানা ধরনের খেলনায় গ্যাস ভরে বিক্রি করছিলেন। দুপুর একটার দিকে বেল্লাল মেলা দেখতে গিয়ে বেলুন বিক্রেতার কাছ দিয়ে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেল্লাল ও বিক্রেতা গুরুতর আহত হন। স্থানীয়রা ওই বিক্রেতাকে পার্শ্ববর্তী নার্সিং হোমে ও বেল্লালকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, গ্যাসে দগ্ধ হয়ে এখানে আনার আগেই বেল্লাল মারা গেছেন। এ কারণে তাকে কোনো চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।