আন্তর্জাতিক ডেস্ক : একই প্রায় ৩৫ বছর পার করছে চীন। কিন্তু একের সমস্যাগুলো অনুধাবনের পর এবার ‘দুইয়ে’ যাচ্ছে দেশটি। তবে দুইয়েই দাড়ি, না কি সংখ্যার বাধা একেবারেই তুলে দিচ্ছে চীন, তা এখনো নিশ্চিত নয়।
প্রায় ১৪০ কোটি জনসংখ্যার প্রাচ্যের বিশাল আয়তনের দেশ চীন তাদের দীর্ঘদিনের এক সন্তান নীতি তুলে নেওয়ার সিদ্ধান নিয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এপি এ তথ্য জানিয়েছে। এখন থেকে দেশটির সব দম্পতি দুটি করে সন্তান নিতে পারবেন। তবে দুইয়ের বেশি সন্তান নেওয়া যাবে কি না, সেবিষয়ক কোনো তথ্য এখনো জানা যায়নি।
অব্যাহতভাবে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ কমানো এবং পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাসে ১৯৮০ সালে এক সন্তান নীতি গ্রহণ করে চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে দেশটির জনগণ আপত্তি তুলতে থাকে। অবশেষে চীনের কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিয়েছে, শিগগিরই এক সন্তান নীতি তুলে নেওয়া হবে এবং দুই সন্তান নীতি ঘোষণা করা হবে। এতে করে এতদিন বিভিন্ন বাধা-নিষেধের ফলে যারা এক সন্তান নিতে বাধ্য হয়েছেন, তারা চাইলে দুই সন্তান নিতে পারবেন।