ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা করায় এই চক্রের ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১২ জনকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে একজনকে ফার্মগেট থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকা থেকে অন্যদের আটক করা হয়।
এ বছর বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ১৬৬০টি আসনের বিপরীতে ৭১ হাজার ৩৫০ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা নগরীর ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এ ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করেছে।’