ঢাকা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে ১৪টি আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম। শনিবার রাত ৯টার থেকে পৌনে বারোটা পর্যন্ত আলামত সংগ্রহ শেষে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঘটনাস্থল ত্যাগ করে সিআইডির ফরেনসিক টিম।
শনিবার বিকালে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনী অফিসে কুপিয়ে দীপনকে হত্যা করে সন্ত্রাসীরা। ফরেনসিক টিম ঘটনাস্থলের পাশাপাশি দীপনের মরদেহ থেকেও আঘাতের চিহ্নসহ আলামত সংগ্রহ করে।
সিআইডি সূত্রে জানা গেছে, সংগ্রহ করা আলামতের মধ্যে রয়েছে- রক্ত মাখা চশমা, এক পাটি চামড়ার স্যান্ডেল, বিভিন্ন দৈর্ঘ্যের চুল, রক্ত, সিডি, সিগারেটের ফিল্টার ও নতুন বইয়ের তালিকা ইত্যাদি।
আলামত সংগ্রহ প্রসঙ্গে সিআইডির ফরেনসিক টিমের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের স্থান থেকে ১৪টি আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত হত্যাকাণ্ডের তদন্তে সহায়ক হবে।’
জাকির হোসেন আরও বলেন, ‘এছাড়া দীপনে মরদেহ থেকেও আঘাতের চিহ্নসহ আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা শাহবাগ থানার কাছে সংগ্রহ করা আলামত বুঝিয়ে দিয়েছি।’
ঘটনাস্থলে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সিআইডি ফরেনসিক টিমের অপর এক কর্মকর্তা জানান, ভবনের প্রবেশ পথের সিসিক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। এছাড়া ঘটনাস্থলে বিভিন্ন দৈর্ঘ্যের চুল পাওয়া গেছে। দুই ইঞ্চি লম্বা চুলও আছে, আবার এরচেয়ে ছোট চুলও আছে। চুলের আলামত দেখে অনুমান করা হচ্ছে দীপনের ছাড়াও হত্যাকারীর চুল থাকতে পারে। ডিএনএ পরীক্ষা করা শেষে বোঝা যাবে আসলে কার কার চুল রয়েছে।
এদিকে, শুদ্ধস্বর ও জাগৃতি প্রকাশনীর অফিসে একই পদ্ধতিতে হামলা করা হয়েছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। তিনি বলেন, ‘বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে দীপনকে হত্যা করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে এখনই হামলাকারীদের উদ্দেশ্য ও মতাদর্শ এক কিনা সেটা বলার সময় আসে নাই। আমি দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
প্রসঙ্গত, শনিবার রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে বইয়ের প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয় এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতির অফিসে দুই প্রকাশকসহ চারজনের ওপর হামলা হয়। হামলায় জাগৃতির প্রকাশক ফয়সাল আরিফিন দীপন নিহত হন। গত ফেব্রুয়ারিতে একই গোষ্ঠির হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের লেখা বই তারা ছেপেছিলেন। ঘটনার পর হত্যা ও হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ (একিআইএস) শাখা হিসেবে দাবি করা সংগঠন আনসার আল ইসলাম।