আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় কৃষি জমি সরকারি ভাবে ক্রয় বন্ধ ও ক্ষতিগ্রস্ত বেকার যুবকদের চাকুরী দেওয়ার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার গ্রামবাসীদের সংগঠন জীবন বাঁচার জন্য সংগ্রাম কমিটির আহব্বায়ক মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রধান নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদান শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফটোকের সামনে সংগঠনের আহব্বায়ক আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন আমাদের ৪দফা দাবির মধ্যে অত্র এলাকার প্রত্যেক যুবকদের চাকুরী এবং সাধারণ শ্রমিকের কাজের ন্যায্য মূল দিতে হবে। জহির উদ্দিন বানিয়া ও লুৎফর রহমান গংদের ম্যানপাওয়ার লাইসেন্স বাতিল করতে হবে এবং তারা এই প্রকল্পে কোন ঠিকাদারি কাজ করতে পারবে না, প্রত্যেক শ্রমিকদের মজুরী ৫০০ টাকা হারে দিতে হবে, বিনা কারণে অহেতুক কোন শ্রমিককে চাকুরী থেকে বহিষ্কার করতে পারবে না। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অবসর প্রাপ্ত সৈনিক মোঃ হাফিজুর রহমান, ফুলবাড়ী তেল গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য এস.এম নুরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলম। বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ২ হাজার লোকজন অংশ নেন। বক্তারা বলেন আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।