বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত শাকিব খান এবং জায়েদ খানের বিপরীতে লাক্স তারকা এবং মডেল পিয়া বিপাশার ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করার কথা থাকলেও পরিচালকের অনৈতিক প্রস্তাবের কারণে নিজেই ছবি থেকে সরে দাঁড়ালেন। বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক’মাস আগে।
এদিকে পিয়াকে বাদ দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ বলছে- চুক্তি অনুযায়ী শর্ত না মানায় বাদ দেয়া হয়েছে পিয়াকে। যদিও পিয়া জানালেন ভিন্ন কথা। তাকে অনৈতিক প্রস্তাব দেয়ায় তিনি নিজেই ছবি থেকে সরে দাঁড়ালেন।
গণমাধ্যমে প্রকাশিত খবরে নির্মাতা বুলবুল বিশ্বাস বলছেন, ‘পিয়ার সাথে শর্ত ছিল রাজনীতি ছবিতে অভিনয় করলে ছয় মাসের মধ্যে নতুন ছবিতে কাজ কিংবা চুক্তিবদ্ধ হতে পারবেন না পিয়া। পরবর্তীতে পিয়া শর্ত না মেনে ‘মনের রাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য তাকে রাজনীতি ছবি থেকে বাদ দেয়া হয়েছে।’
রাজনীতি ছবি থেকে বাদ পড়ার প্রকৃত কারণ কী জানতে চাইলে পিয়া বিপাশা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমি নতুন। ভালো মনে কাজ করতে এসেছি। কিন্তু এর মধ্যে অনেক রাজনীতি ও নোংরামি মিশে আছে- যা আমি বুঝতেই পারিনি। পরিচালক আমাকে তার বিছানায় নেয়ার চেষ্টা করেছিলো। অল্পের জন্য বেঁচে গেছি।’
তিনি আরো বলেন, ‘ক্যারিয়ারের লোভে কোনো অনৈতকি কাজে জড়িয়ে যাবার ইচ্ছে বা মানসিকতা আমার নেই। পরিচালক সরাসরি আমাকে বিছানায় যেতে বলেছেন। যদি শাহরুখ খানের নায়িকা হিসেবেও আমাকে সুযোগ দেয়া হয় তবুও আমি এমন কাজে রাজি না। এর বেশি কিছু বলতে চাই না। আমি শিল্পী মানুষ, নিজেকে শিল্পচর্চায় যুক্ত রাখতে চাই।’
এদিকে পিয়া অভিনীত ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির ট্রেলার সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে। অ্যাকশন রোমান্টিক ঘরানার এ ছবিটি নিয়ে দারুণ আশাবাদি বলে জানিয়েছেন এই নবাগতা নায়িকা।



