দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা কর্তৃক এককভাবে গঠনতন্ত্র বিরোধী ওয়ার্ড কমিটি গঠন ও অনুমোদনের প্রতিবাদ জানিয়েছেন পৌর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যরা।
দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বরাবর প্রেরিত দিনাজপুর পৌর বিএনপির সম্পাদক মন্ডলীর পক্ষে পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ অভিযোগ করা হয়। যার কপি বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে দিনাজপুর পৌর বিএনপির সাথে যুক্ত থেকে আপনার নির্দেশিত সকল আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং দলে অনুগত আছি। দলের চলমান কাউন্সিল ও দল পূর্ণগঠনে কেন্দ্র প্রেরিত চিঠি মোতাবেক যথা নিয়মে দিনাজপুর পৌর বিএনপির কাউন্সিলের কার্যক্রম শুরু করা হয়। প্রতিটি ওয়ার্ডে যথারীতি সভা-সমাবেশ করে বর্তমান কমিটির মাধ্যমে কেন্দ্রীয় ফরমেটে খসড়া কমিটি গঠন করা হয়।
উক্ত খসড়া কমিটি সঠিক আছে কিনা তা যাচাই করার জন্য গত ১৯-০৯-১৫ তারিখে পৌর বিএনপির সম্পাদক মন্ডলীর সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্যের একটি পর্যলোচনা ও সুপারিশ কমিটি গঠন করা হয়। এ কমিটি গত ০৬-১০-১৫ তারিখে সম্পাদক মন্ডলীর সভায় দিনাজপুর পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের কমিটি অনুমোদনের জন্য এবং বাকী ৪টি কমিটি আলোচনা সাপেক্ষে অনুমোদনের সুপারিশ করা হয়। সভায় ৪টি কমিটির সদস্যদের সাথে আলোচনা করার জন্য রেজুলেশনের মাধ্যমে পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়।
কিন্তু পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সম্পাদক মন্ডলী অন্যান্য সদস্যদের অজ্ঞাতসারে ও অনুপস্থিতিতে দলের পৌর কমিটির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা একাই নিজের মতো করে ১২টি ওয়ার্ডের কমিটি অনুমোদন ও প্রকাশ করেন। ফলে বর্তমান দিনাজপুর পৌর বিএনপির সম্পাদক মন্ডলী ও ওযার্ডের নেতাকর্মীরা চরম হতাশা ও উৎকন্ঠায় রয়েছেন। কোন অশুভ চক্রান্তে যুক্ত হয়ে সভাপতি সোলায়মান মোল্লা এককভাবে উপরোক্ত কাজ করছেন বলে আমাদের বিশ্বাস।
এমতাবস্থায় এ সংকট নিরসনে যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের হস্তক্ষেপসহ সমস্যা সমাধানে জরুরী পদক্ষেপ কামনা করেছেন দিনাজপুর পৌর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যরা।