সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাশেম সরকার (দুলু) ওয়ার্ডবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সন্ধ্যায় সাবেক কাউন্সিলরের মিস্ত্রিপাড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে ওয়ার্ডবাসীর মতামত জানতে সভার আয়োজন করেন।
প্রবীণ ব্যাক্তি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় কাউন্সিলর প্রার্থী ও আ’লীগ নেতা দুলু ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, কারো প্রতি আমার হিংসা-বিদ্বেষ নেই। তবু চলার পথে কারো মনে আঘাত দিয়ে থাকলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তিনি বলেন, বিগত ক’বছরে এ ওয়ার্ডে মাদকাসক্তদের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নির্বাচিত হলে প্রথমে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলবো।
ওয়ার্ডবাসীদের পক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আজাদ আলী, আনোয়ার হোসেন মিঠু, মো. আকতারুজ্জামান, আব্দুস সামাদ বসুনিয়া প্রমুখ। সভায় সকলেই হাত তুলে আবুল কাশেম সরকার দুলুর পক্ষে সমর্থন দিয়ে একযোগে নির্বাচনী প্রচারনা চালানোর মত ব্যক্ত করেন।