সিসি নিউজ : সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ সুধির চন্দ্র শীল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর র ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা ওই সংখ্যক জাল টাকাসহ সুধিরকে আটক করা হয়। আটককৃত সুধির দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই এলাকার দোয়ানিয়াপাড়া গ্রামের মৃত উপেন চন্দ্র শীলের ছেলে।
র্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ১৪৬টি ১ হাজার টাকার জাল নোটসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। চক্রের একজনকে আটক করা হলেও বাকীদের আটক করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
রাতে আটক সুধিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।