রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাবে নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ইউএনও মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, উমর মজিদ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব মন্ডল, প্রেসক্লাব রাজারহাট সভাপতি এস. এ বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজারহাট প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এনজিও কর্মী মো. শফিকুর রহমান প্রমূখ। এর আগে জেলা প্রশাসক ছিনাই ইউপির ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা ভূমি অফিস চত্বরে রোপণ করা হয়।
শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ৯৬তম জন্ম উৎসব পালিত
কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গল দীপ প্রজ্বলন, বালক বন্দনা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ৯৬তম জন্ম উৎসব মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে পালিত হয়েছে। বালক সন্তান দল রাজারহাট শাখার সভাপতি হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রনবীর চন্দ্র রায়, সহকারী শিক্ষক চিত্তরঞ্জন রায়, সহকারী শিক্ষক পঙ্কজ চক্রবর্ত্তী, ভক্ত অনিল চন্দ্র রায়, ইউপি সদস্য নারায়ণ চন্দ্র রায়, মোসলেম উদ্দিন প্রমূখ। পরে অশোক চন্দ্র রায়ের সঞ্চালনায় ভক্তিমুলক গান পরিবেশন করেন সংগঠনের নিয়মিত শিল্পী ক্ষিতিশ চন্দ্র রায়, বিজয় একাডেমীর শিশু শিল্পী বিজয় চন্দ্র রায় বাঁধন। শেষে মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।