ঢাকা: অবশেষে দেশে ফিরিয়ে আনা হলো নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে। বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিএসএফ।
এর আগে আলোচিত এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে আনতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল যশোর বেনাপোলে পৌঁছান। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার খন্দকার মহিদউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নূর হোসেনকে বেলাপোল থেকে সরাসরি নারায়ণগঞ্জ আনা হবে বলে জানিয়েছেন ড. খন্দকার খন্দকার মহিদউদ্দিন। তিনি বলেন, নূর হোসেনকে সরাসরি নারায়ণগঞ্জ আনা হবে। কারণ নারায়ণগঞ্জ আদালতে তার মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হবে।
আটক নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আগেই নির্দেশনা ছিল পশ্চিমবঙ্গের একটি আদালতের। গত ১৬ অক্টোবর এ নির্দেশ দেন উত্তর চব্বিশ পরগণার ভারপ্রাপ্ত জেলা দায়রা বিচারক সন্দ্বীপ চক্রবর্তী। তবে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)’র নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পর নূর হোসেনকে ফেরতের বিষয়ে এ সবুজ সংকেত পাওয়া যায় এবং অবশেষে তাকে দেশে ফেরত পাঠালো ভারত সরকার।
উল্লেখ্য, গত বছরের (২০১৪ সাল) ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করেন র্যাব-১১-এর কতিপয় সদস্য। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাধা অবস্থায় সাত জনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়- নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে তার প্রতিপক্ষকে খুন করে র্যাব।
এর আগেই নূর হোসেন ভারতের কলকাতায় পালিয়ে যান এবং সেখানে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরে অনুপ্রবেশের অভিযোগে বার বিরুদ্ধে বিচার শুরু করে দেশটি।